
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৭ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো মোহন মিয়া ১০০ বল ক্রিকেট লীগ, এর ফাইনাল ম্যাচ। পূর্বে অনুষ্ঠিত গ্রুপ পর্ব ও কোয়ালিফাইং রাউন্ড শেষে আজকের এই ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এই লীগে মোট ৬টি দল অংশ নেয়। দলগুলো হলো, ব্রাদার্স ক্রিকেট ক্লাব, পূর্ব মশাখলা ক্রিকেট ক্লাব, সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব, টিম উইজার্ড, সবুজ বাংলা ক্রিকেট ক্লাব, এবং আদর্শ ক্রিকেট ক্লাব।

গ্রুপ পর্ব ও কোয়ালিফাইং রাউন্ডে চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে ব্রাদার্স ক্রিকেট ক্লাব, মোস্তাফাপুর এবং সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব ফাইনালে জায়গা করে নেয়। ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০০ বলে ১৪৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং প্রদর্শন করে ব্রাদার্স ক্রিকেট ক্লাব। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মাত্র ৯ ওভারেই লক্ষ্যে পৌঁছে গিয়ে তারা সহজ জয় নিশ্চিত করে এবং শিরোপা নিজেদের করে নেয়। অপরদিকে সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহন মিয়া। তিনি বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় ক্রীড়াঙ্গনে এই আয়োজন নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সবার।




Users Today : 0